
ইসলামী কর্মশালা ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে
দক্ষিণ কোরিয়ায় ‘ইসলামী কর্মশালা ২০২৬’ আলহামদুলিল্লাহ, প্রবাসের কর্মব্যস্ত জীবনের মাঝে ঈমানী পরিবেশ সমুন্নত রাখা, ইসলামি মূল্যবোধ ও নৈতিক চেতনার বিকাশ এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে দক্ষিণ কোরিয়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘ইসলামী কর্মশালা ২০২৬’। ‘কোরিয়া মুসলিম কমিউনিটি’-র উদ্যোগে গত ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) হোয়াসং বায়তুল ফালাহ মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার প্রাঙ্গণে এ কর্মশালার আয়োজন করা হয় । প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মসজিদ প্রাঙ্গণ কিছুক্ষণের জন্য পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ইসলামি স্কলার, লেখক ও গবেষক শায়খ মুফতি আলী হাসান উসামা (খতিব, বাইতুস সালাত জামে মসজিদ, ঢাকা) । তিনি কুরআন-সুন্নাহর আলোকে প্রবাস জীবন পরিচালনা, উত্তম আখলাক ও চরিত্র গঠন এবং নতুন প্রজন্মকে ইসলামি আদর্শে গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। বিশেষ অতিথি হিসেবে প্রবাসীদের উদ্দেশ্যে হেদায়েতি আলোচনা পেশ করেন: মুফতি ফয়জুল্লাহ আমান (ইমাম ও খতিব, আনসান মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার) মুফতি আরিফুল ইসলাম (ইমাম ও খতিব, খাপ্পাই মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার) হাফেজ মাওলানা ফরিদুল হাসান (ইমাম ও খতিব, হোয়াসং বায়তুল ফালাহ মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার) কোরিয়া মুসলিম কমিউনিটির কেন্দ্রীয় সভাপতি ইয়াছির চৌধুরী-র সভাপতিত্বে এবং সংগঠনের সেক্রেটারি মো. কামাল হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ায় প্রতিষ্ঠিত বাংলাদেশি ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন মসজিদ, ইসলামিক সেন্টার ও কমিউনিটির দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনে নারী শ্রোতাদের দ্বীনি আলোচনা শোনার জন্য ছিল পৃথক ও সুশৃঙ্খল ব্যবস্থা । সংক্ষিপ্ত সভাপতির বক্তব্যে ইয়াছির চৌধুরী বলেন, প্রবাসের কর্মব্যস্ততার মাঝেও আমাদের নতুন প্রজন্ম ও প্রবাসীরা ঈমানী পরিবেশ, দেশীয় সংস্কৃতি ও ইসলামি মূল্যবোধের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থাকতে পারেন। বিশেষ করে তিনি সুদমুক্ত জীবনযাপন করতে কোরআন ও হাদিসের কথা স্মরণ করিয়ে দিয়ে সুদ থেকে বেঁচে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা প্রবাসে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া, ইসলামি অনুশাসন মেনে চলা এবং মাতৃভূমি বাংলাদেশের উন্নয়ন ও কল্যাণে প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান। দিনব্যাপী কুরআন-সুন্নাহভিত্তিক আলোচনা ও নসিহত শেষে বিশ্ব মুসলিম উন্মাহ এবং মাতৃভূমির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহতী আয়োজনকে কবুল করুন এবং প্রবাসী মুসলিমদের ঈমান, আমল ও পারস্পরিক ভ্রাতৃত্বকে আরও সুদৃঢ় করুন। আমিন, ইয়া রাব্বাল আলামিন।
আরও পড়ুন



